[caption id="attachment_18765" align="aligncenter" width="300"]
দুর্গম পাহাড়ি এলাকায় পানির সংকট নিরসনে দীঘিনালা জোনের উদ্যোগে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন[/caption]
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)। উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চাঁন বাংলো কার্বারী পাড়ায় জোনের সার্বিক সহায়তায় একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুর্গম এই এলাকার বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ভুগছিলেন। দীঘিনালা জোনের এই উদ্যোগের ফলে এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ এখন সহজেই বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জল সংগ্রহ করতে পারবেন। এতে স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট অনেকাংশে দূর হবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোন (৪-ইবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।
এ সময় তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এছাড়া স্থানীয় হেডম্যান, কার্বারী, উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য এবং সাধারণ মানুষসহ প্রায় ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলেন।
স্থানীয় কার্বারী ও বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গমতার কারণে এলাকায় সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করা অত্যন্ত কঠিন ছিল। দীঘিনালা জোনের আন্তরিক উদ্যোগে তাদের দীর্ঘদিনের পানির কষ্ট দূর হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com