সরকারি অভিযানে জব্দ করা চারটি বিশাল আকৃতির নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল। যে গুলো রাখা হয়েছিল পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে। কিন্তু পরদিনই কয়েক শত মানুষের উপস্থিতিতে সেই জালগুলো ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পুলিশের। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর পুলিশ ফারিতে । এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা এবং মৎস্য আইন লঙ্ঘনের অভিযোগে অজ্ঞাত প্রায় এক শত ব্যক্তিকে আসামি করে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার দুই দিন পর সোমবার (১৩ জুলাই) পুলিশ হাওরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া চারটি জালের মধ্যে একটি উদ্ধার করেছে। তবে বাকি তিনটি জাল এখনো উদ্ধার হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ জুলাই ডিঙ্গাপোতা হাওরে অভিযান চালিয়ে মাছ ধরার জন্য ব্যবহৃত চারটি ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়। প্রতিটি জালের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার থেকে ২ হাজার২৬০০ ফুট। জালগুলো আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের নিচতলায় রাখা হয়।
পরদিন ১২ জুলাই দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রায়২০ থেকে ২৫টি নৌকায় করে ১০০ থেকে ২০০ মানুষ সেখানে আসে। পুলিশের ভাষ্য, তারা দলবদ্ধভাবে তদন্ত কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক জালগুলো নিয়ে যায়।
আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জালগুলো জব্দ করা হয়েছিল। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা মানেননি। গ্রামের কিছুদুষ্কৃতিকারীদের নেতৃত্বে জাল ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি বলেন, "ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। সরকারি কাজে বাধা ও মৎস্য আইন লঙ্ঘনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।"
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, সোমবার পরিচালিত অভিযানে ছিনতাই হওয়া জালগুলোর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। অন্য জালগুলো উদ্ধারে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com