জিএসএফে অংশ নিতে ঢাকা ত্যাগ | সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তাঁরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মিশনে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিশ্বশান্তিতে বাংলাদেশের অব্যাহত অবদান
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের ধারাবাহিকতায় এই মোতায়েনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ দেশের পেশাদার সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক দায়িত্ব পালনের অঙ্গীকারকে তুলে ধরে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com