ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিল (উইনসেরেক্স সিরাপ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর নির্দেশনায় এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে থানা এলাকায় মাদক, চোরাই মালামাল উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের বিহারী মোড়ের উত্তর পাশে তালুকদার হোটেল অ্যান্ড সুইটস এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম ওরফে বাবু (২১) এবং মো. রিমন (১৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
গ্রেপ্তার রবিউল ইসলাম দক্ষিণ আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের আজম বিশ্বাসের ছেলে এবং রিমন সানবান্দা (উত্তরপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে। তারা দুজনই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অপরদিকে, কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউসের সামনে হিজল গাছের নিচে অভিযান চালিয়ে ইমন হোসেন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল উইনসেরেক্স (ফেন্সিডিল শ্রেণির) সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
ইমন হোসেন কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী (মধ্যপাড়া) গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com