রাজিব হাসান রাজু,,,
ঢাকা, ৬ আগস্ট: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের অভিযোগে সেনা হেফাজতে থাকা মেজর সাদেকুল হক সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ৮ জুলাই বসুন্ধরার কে বি কনভেনশন হলে এক গোপন বৈঠকের তথ্য গোয়েন্দা সংস্থার হাতে আসে। কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামের এক নারী ভাড়া নেন। তিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন এবং ওই বৈঠকে লোকজনকে উপস্থিত করেন। গোয়েন্দা সংস্থার ধারণা, সেখানে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছিল।
ঘটনার পর ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা শাখাকে (ডিবি)। তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহাদুজ্জামান মোল্লার স্ত্রী শামীমা নাসরিন শম্পা ও বরগুনার সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুমাইয়া জাফরিন ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের শার্শায়। তিনি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর হারুনের কন্যা।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com