বগুড়া প্রতিনিধি:
গত কয়েকদিন ধরে সিলিন্ডার গ্যাসের সংকট ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের গ্যাস বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় তদারকি করেন।
তদারকিকালে শাজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর উপজেলার তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান শেষে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)–এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com