দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Mon, 15 Jun 2026 08:26:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার https://dailyaparadhchakra.com/crime/2026/06/15/18501 https://dailyaparadhchakra.com/crime/2026/06/15/18501#respond Mon, 15 Jun 2026 08:26:07 +0000 https://dailyaparadhchakra.com/?p=18501
আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার পড়ৈইকড়া ইউনিয়নের চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত এই হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সুপার, চট্টগ্রামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক বিশেষ টিম গঠন করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
তদন্তে জানা যায়, ঘটনার পর আসামি রিমন বড়ুয়া দ্রুত স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গত রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ও আনোয়ারা থানা পুলিশের যৌথ দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, ভিকটিম পরিবারের বাড়িতে সংরক্ষিত সুজন বড়ুয়ার ঋণসংক্রান্ত স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে সে একটি ধারালো চাকু নিয়ে বাড়ির পেছনের দরজার বাইরে ওঁৎ পেতে ছিল। এ সময় এনি বড়ুয়া ঘর থেকে বের হয়ে তাকে দেখতে পেয়ে চিৎকার করলে আসামি তাকে চাকু দিয়ে আঘাত করে। পরে এনি বড়ুয়ার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া মায়ের চিৎকার শুনে ঘটনাস্থলে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থল ত্যাগের সময় আসামি ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের বাড়ির পেছনের একটি খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া পটিয়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুর্গম এলাকায় আত্মগোপন, বারবার অবস্থান পরিবর্তন এবং আলামত গোপনের চেষ্টা সত্ত্বেও পেশাদার তদন্ত, গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মামলার রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার সম্ভব হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তারা সর্বদা বদ্ধপরিকর। এ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/15/18501/feed 0
কালীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/sports/2026/06/15/18498 https://dailyaparadhchakra.com/sports/2026/06/15/18498#respond Mon, 15 Jun 2026 08:18:45 +0000 https://dailyaparadhchakra.com/?p=18498
কালীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। উদ্বোধনের আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করে। পরে রেফারির বাঁশিতে শুরু হয় বহুল প্রতীক্ষিত ম্যাচ। খেলায় উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস খেলায় ভিন্ন মাত্রা যোগ করে।
খেলা শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহমান কাজল, নুরুল ইসলাম, লিখন ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
ম্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

]]>
https://dailyaparadhchakra.com/sports/2026/06/15/18498/feed 0
ইমদাদুল হক মজুমদারের পিতার ইন্তেকালে স্বেচ্ছাসেবক দলের শোক https://dailyaparadhchakra.com/%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/2026/06/14/18493 https://dailyaparadhchakra.com/%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/2026/06/14/18493#respond Sun, 14 Jun 2026 17:03:15 +0000 https://dailyaparadhchakra.com/?p=18493
ইমদাদুল হক মজুমদারের পিতার ইন্তেকালে স্বেচ্ছাসেবক দলের শোক

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদারের পিতা মো. শামসুল হক মজুমদার (৮২) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদারের পিতা মো. শামসুল হক মজুমদারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মতো আমরাও এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি।”
নেতৃদ্বয় আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।”
শোকবার্তায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এ ছাড়া তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন, যেন মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করা হয় এবং পরিবার-পরিজনকে এ কঠিন শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/2026/06/14/18493/feed 0
স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/education/2026/06/14/18490 https://dailyaparadhchakra.com/education/2026/06/14/18490#respond Sun, 14 Jun 2026 16:58:18 +0000 https://dailyaparadhchakra.com/?p=18490
স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এসইডিপির আওতায় আয়োজিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জেলা পর্যায়ের অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম এবং পুলিশ সুপার শামীমা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এতে শিক্ষাখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
শোকেসিং অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রকল্প এবং বিভিন্ন ইনোভেশন আইডিয়া উপস্থাপন করেন। নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাধারা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণ, সমস্যা সমাধানে নতুন ধারণা সৃষ্টি এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম দেশের শিক্ষা ও উদ্ভাবন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

]]>
https://dailyaparadhchakra.com/education/2026/06/14/18490/feed 0
রিট (writ) সম্পর্কে আইনি ধারণা https://dailyaparadhchakra.com/court-of-law/2026/06/14/18484 https://dailyaparadhchakra.com/court-of-law/2026/06/14/18484#respond Sun, 14 Jun 2026 13:10:08 +0000 https://dailyaparadhchakra.com/?p=18484

রিট (Writ) সম্পর্কে আইনি ধারণা

বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট (Writ) মোট ৫ প্রকার।

রিট হলো হাইকোর্ট বিভাগ কর্তৃক কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি কর্তৃপক্ষের প্রতি জারি করা বিশেষ আইনি আদেশ বা নির্দেশ।

নিচে ৫ প্রকার রিটের নাম এবং কোন ক্ষেত্রে কোন রিট করা হয়, তা সংক্ষেপে আলোচনা করা হলো—

১. হেবিয়াস কর্পাস (Habeas Corpus) বা বন্দি প্রদর্শন রিট

কখন করতে হয়:
কোনো ব্যক্তিকে আইনি প্রক্রিয়া ছাড়া অবৈধভাবে আটক বা গ্রেপ্তার করা হলে।

উদ্দেশ্য:
আটককৃত ব্যক্তিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেওয়া এবং আটকাদেশ অবৈধ হলে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া।

২. ম্যান্ডামাস (Mandamus) বা হুকুমজারি রিট

কখন করতে হয়:
কোনো সরকারি কর্মকর্তা, আদালত বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যদি তাদের আইনগত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায় বা অবহেলা করে।

উদ্দেশ্য:
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আদালতের নির্দেশ প্রদান।

৩. প্রোহিবিশন (Prohibition) বা নিষেধাজ্ঞা রিট

কখন করতে হয়:
কোনো অধস্তন আদালত বা আধা-বিচারিক কর্তৃপক্ষ যদি তাদের নির্ধারিত এখতিয়ারের বাইরে গিয়ে কোনো মামলার বিচারকার্য পরিচালনা করতে উদ্যত হয়।

উদ্দেশ্য:
উচ্চ আদালত কর্তৃক অধস্তন আদালত বা কর্তৃপক্ষকে ক্ষমতার সীমা অতিক্রম করে কাজ করা থেকে বিরত রাখা। এটি সাধারণত চলমান বিচারিক কার্যক্রমের ওপর প্রয়োগ করা হয়।

৪. সার্টিওরারি (Certiorari) বা উৎপ্রেষণ রিট

কখন করতে হয়:
কোনো নিম্ন আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষ যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো রায় বা সিদ্ধান্ত প্রদান করে।

উদ্দেশ্য:
অবৈধ রায় বা সিদ্ধান্ত বাতিল করার জন্য সংশ্লিষ্ট নথিপত্র উচ্চ আদালতে তলব করা এবং প্রয়োজন হলে তা বাতিল ঘোষণা করা।

৫. কো-ওয়ারেন্টো (Quo Warranto) বা কারণ দর্শাও রিট

কখন করতে হয়:
কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো সরকারি বা জনস্বার্থসংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত থাকেন।

উদ্দেশ্য:
তিনি কোন ক্ষমতাবলে বা যোগ্যতায় ওই পদে অধিষ্ঠিত আছেন, তার বৈধতা প্রদর্শনের নির্দেশ দেওয়া। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদালত পদটি শূন্য ঘোষণা করতে পারেন।

অ্যাডভোকেট জিয়াউর রহমান চৌধুরী (রুবেল)
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

]]>
https://dailyaparadhchakra.com/court-of-law/2026/06/14/18484/feed 0
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার বেনজির আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18477 https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18477#respond Sun, 14 Jun 2026 12:44:36 +0000 https://dailyaparadhchakra.com/?p=18477
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার বেনজির আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
দুর্নীতির মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কূটনৈতিক নিয়ম-নীতি অনুসরণ করে বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে বাংলাদেশে এনে চলমান মামলাগুলোর আওতায় আনা হবে।
সরকার এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18477/feed 0
ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালন https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18474 https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18474#respond Sun, 14 Jun 2026 12:08:47 +0000 https://dailyaparadhchakra.com/?p=18474
ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এ সমস্যা নিরসনে টিআইবি প্রণীত সুপারিশসমূহ বাস্তবায়নের দাবিতে রোববার সকাল ১১টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সনাক, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এবং ইয়েস এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সনাকের সভাপতি এন. এম. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন ইয়েস দলনেতা শাহিন আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি নাসরিন ইসলাম।
এ সময় বিশ্বব্যাপী এবং বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা খাতে সুশাসনের ঘাটতি দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের জন্য প্রণীত টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য সুরাইয়া পারভীন মলি।
ধারণাপত্রের আলোকে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় বিষয়ক এসিজি সমন্বয়ক রুহুল আমিন, কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজি সমন্বয়ক নার্গিস সুলতানা এবং খান-এ-খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক সহ-সমন্বয়ক নূর ইসলাম পাখি।
বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুদের স্বাস্থ্যঝুঁকি, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং বিদ্যমান নীতিমালার দুর্বলতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সনাক সদস্য এম. সাইফুল মাবুদ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম শুধু শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে না, বরং তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করে। এ খাত থেকে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলে সরকার, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে টিআইবির সুনির্দিষ্ট সুপারিশসমূহ পাঠ করে শোনান ইয়েস সদস্য মেহেরাব হাসান আকাশ।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18474/feed 0
প্রতিবন্ধকতাকে জয় করে কৃষকের নির্ভরতার নাম মফিজ উদ্দিন এক হাত হারিয়েছেন, হারাননি দায়িত্ব; কৃষকের আস্থার প্রতীক এক কৃষি কর্মকর্তার গল্প https://dailyaparadhchakra.com/agriculture/2026/06/14/18471 https://dailyaparadhchakra.com/agriculture/2026/06/14/18471#respond Sun, 14 Jun 2026 12:05:00 +0000 https://dailyaparadhchakra.com/?p=18471
প্রতিবন্ধকতাকে জয় করে কৃষকের নির্ভরতার নাম মফিজ উদ্দিন
এক হাত হারিয়েছেন, হারাননি দায়িত্ব; কৃষকের আস্থার প্রতীক এক কৃষি কর্মকর্তার গল্প

ঝিনাইদহ প্রতিনিধি:
ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের সরু রাস্তা ধরে মোটরসাইকেল ছুটছে ধানক্ষেতের দিকে। পেছনে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, আর সামনে অপেক্ষায় কয়েকজন কৃষক। তাদের জমিতে দেখা দিয়েছে রোগ। দ্রুত সমাধান না পেলে নষ্ট হতে পারে পুরো ফসল। কৃষকদের সেই উৎকণ্ঠার মুহূর্তে ভরসার নাম একজন মানুষ—মফিজ উদ্দিন।
তার একটি হাত নেই। জীবনের নির্মম এক সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন ডান হাত। কিন্তু হারাননি দায়িত্ববোধ, হারাননি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। বরং সেই দুর্ঘটনাই যেন তাকে আরও দৃঢ় করেছে। আজ তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ব্লকের হাজারো কৃষকের কাছে শুধু একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নন; তিনি আস্থার প্রতীক, নির্ভরতার নাম।
সরকারি চাকরিতে দায়িত্ব পালনে অনীহা কিংবা নানা অজুহাতের অভিযোগ যখন প্রায়ই শোনা যায়, তখন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাঠে-মাঠে কৃষি সেবা পৌঁছে দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মফিজ উদ্দিন। কৃষকের সমস্যাই যেন তার নিজের সমস্যা। কোনো কৃষকের জমিতে রোগ দেখা দিলে, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে কিংবা নতুন প্রযুক্তি সম্পর্কে জানার প্রয়োজন হলে সবার আগে যে মানুষটির কথা মনে পড়ে, তিনি মফিজ উদ্দিন।
হলিধানী ব্লকে বর্তমানে প্রায় ৪ হাজার ৫৫৩ জন কৃষক রয়েছেন। ধান, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের সবজি ও মসলাজাতীয় ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। এসব কৃষকের জন্য সরকারি কৃষি সেবা নিশ্চিত করার দায়িত্বে রয়েছেন তিনি। তবে দায়িত্ব তার কাছে শুধু সরকারি চাকরির অংশ নয়; এটি যেন এক মানবিক অঙ্গীকার।
ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের ছোট মান্দারবাড়িয়া গ্রামের সন্তান মফিজ উদ্দিন। বাবা মৃত আফসার উদ্দিন জোয়ার্দার। সাত ভাই ও দুই বোনের বড় পরিবারে বেড়ে ওঠা মফিজ ছোটবেলা থেকেই সংগ্রামের সঙ্গে পরিচিত। বর্তমানে তিনি দুই কন্যাসন্তানের জনক।
শিক্ষাজীবনে ঝিনাইদহ থেকে এসএসসি (ভোকেশনাল) পাস করার পর ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সম্পন্ন করেন। পরে যশোরের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে ব্যাচেলর অব এডুকেশন (এগ্রিকালচার) ডিগ্রি অর্জন করেন।
তবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে ২০০৯ সালের ১১ জানুয়ারি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় বিচ্ছিন্ন হয়ে যায় তার একটি হাত। মুহূর্তেই বদলে যায় পুরো জীবন। হাসপাতালের শয্যায় কাটানো দিনগুলোতে ভবিষ্যৎ যেন অন্ধকারে ঢেকে গিয়েছিল। পরিবার, স্বপ্ন ও কর্মজীবন—সবকিছু নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অনেকেই ভেবেছিলেন, হয়তো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তিনি।
কিন্তু মফিজ উদ্দিন হার মানেননি। দীর্ঘ চিকিৎসা, অসহনীয় শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণাকে সঙ্গী করে নতুন করে জীবন শুরু করেন। নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার পরিবর্তে তা জয় করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে শিখে নেন এক হাত দিয়েই জীবন ও কর্মক্ষেত্রের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে।
সেই দৃঢ় ইচ্ছাশক্তির ফলেই ২০১৩ সালের ১৪ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। চাকরি জীবনের শুরু যশোরে। পরে বরিশাল ও ফরিদপুরে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ব্লকে যোগদান করেন। এরপর থেকে মাঠমুখী কর্মকাণ্ড, কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সমস্যার দ্রুত সমাধান দেওয়ার কারণে অল্প সময়েই কৃষকদের হৃদয়ে জায়গা করে নেন।
স্থানীয় কৃষকদের ভাষ্য, মফিজ উদ্দিনের প্রকৃত অফিস কোনো দালানকোঠা নয়; তার অফিস কৃষকের মাঠ। অনেক সময় সরকারি ছুটির দিনেও কৃষকের ফোন পেয়ে ছুটে যান জমিতে। দিন-রাতের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই তার।
কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “ধানের জমিতে রোগ দেখা দিলে আগে খুব চিন্তায় পড়ে যেতাম। এখন মফিজ ভাইকে ফোন দিলেই চলে আসেন। জমিতে নেমে রোগ শনাক্ত করেন, কী ওষুধ দিতে হবে বলে দেন। এক হাত না থাকলেও কাজের ক্ষেত্রে তাকে কখনো দুর্বল মনে হয়নি।”
কৃষক মো. আলামীন বলেন, “অনেক কর্মকর্তা অফিসে বসে দায়িত্ব পালন করেন। কিন্তু মফিজ স্যারকে প্রতিদিন মাঠে দেখা যায়। তিনি আমাদের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন। তাই কৃষকরাও তাকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন।”
কৃষাণী রওশন আরা বেগম বলেন, “সবজি চাষে রোগবালাই হলে আমরা অনেক সময় অসহায় হয়ে পড়ি। স্যার নিজে এসে দেখে পরামর্শ দেন। তার কারণে অনেক ক্ষতি থেকে বেঁচেছি।”
কৃষক শরিফুল ইসলাম বলেন, “এক হাতে মোটরসাইকেল চালিয়ে যেভাবে তিনি গ্রামে গ্রামে ঘোরেন, তা সত্যিই অবাক করার মতো। তিনি শুধু কর্মকর্তা নন, আমাদের আপনজন।”
মফিজ উদ্দিন বলেন, “দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন আমি হয়তো আর কিছু করতে পারব না। কিন্তু আমি বিশ্বাস করতাম, মানুষ চাইলে যেকোনো বাধা অতিক্রম করতে পারে। কৃষকদের জন্য কাজ করার ইচ্ছাটাই আমাকে শক্তি দিয়েছে।”
তার মতে, পুরস্কার বা সম্মাননা নয়, সবচেয়ে বড় অর্জন হলো কৃষকের মুখের হাসি।
তিনি বলেন, “কোনো কৃষকের ক্ষতি কমলে, ভালো ফলন হলে বা তার পরিবারে স্বস্তি ফিরলে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার।”
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর-এ-নবী বলেন, “মফিজ উদ্দিন অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মকর্তা। শারীরিক প্রতিবন্ধকতা তার কাজে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি কৃষকদের মধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন।”
একটি হাত হারিয়ে অনেকেই জীবনযুদ্ধে থেমে যান। কিন্তু মফিজ উদ্দিন প্রমাণ করেছেন, মানুষের শক্তি তার হাতে নয়, তার মনোবলে। তাই ঝিনাইদহের কৃষকদের কাছে তিনি শুধু একজন কৃষি কর্মকর্তা নন; তিনি সাহস, সংগ্রাম, দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক।

]]>
https://dailyaparadhchakra.com/agriculture/2026/06/14/18471/feed 0
মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় https://dailyaparadhchakra.com/sports/2026/06/14/18468 https://dailyaparadhchakra.com/sports/2026/06/14/18468#respond Sun, 14 Jun 2026 09:59:12 +0000 https://dailyaparadhchakra.com/?p=18468
মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায়

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬কে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশ্বকাপ উন্মাদনা। প্রিয় দলের জার্সি ও পতাকা কিনতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলপ্রেমীরা।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে বন্দর উপজেলার গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। বিশেষ করে মদনগঞ্জের সৈয়ালবাড়ি ঘাট এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন স্থানে উঁচু বাঁশের মাথায় শোভা পাচ্ছে দুই দলের বিশাল আকৃতির পতাকা। জার্সি গায়ে ও পতাকা হাতে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা যাচ্ছে সমর্থকদের।
বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগেই বাংলাদেশজুড়ে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। অনেকেই নিজেদের পছন্দের দলের নামে সংগঠন গড়ে তুলে পরিচিতি প্রকাশ করছেন। পাশাপাশি স্থানীয় মাঠগুলোতে বিভিন্ন দলের জার্সি পরে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতার আয়োজনও চলছে।
এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে জমে উঠেছে পতাকা ও জার্সির ব্যবসা। ছোট আকারের পতাকা থেকে শুরু করে বড় আকৃতির পতাকার চাহিদা বেড়েছে কয়েকগুণ। স্থানীয় ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দেশের পতাকা ও জার্সি তৈরি ও বিক্রিতে।
প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে বড় পর্দা ও প্রজেক্টরের মাধ্যমে খেলা উপভোগ করার চিরচেনা বাঙালি আবেগ এবারও নতুন মাত্রা পেয়েছে। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখার নানা আয়োজন শুরু করেছেন।
জানা গেছে, গত ১১ জুন পর্দা উঠেছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপের মূল পর্বে। ১২টি গ্রুপে বিভক্ত দলগুলো পুরো টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচে অংশ নেবে।

]]>
https://dailyaparadhchakra.com/sports/2026/06/14/18468/feed 0
ঝরে গেল আরেক সূর্যসন্তান: বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18464 https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18464#respond Sun, 14 Jun 2026 09:47:13 +0000 https://dailyaparadhchakra.com/?p=18464
ঝরে গেল আরেক সূর্যসন্তান: বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষ্ম্যারচর শান্তিনগরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মরহুম আবুল হোসেন মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মরহুম সেরাজুল ইসলামের পুত্র। কর্মজীবনের একটি বড় সময় তিনি পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় বসবাস করেছেন।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাজা শেষে শান্তিনগর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজা শুরুর আগে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বন্দর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুন ইতি, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল ইসলাম, পুলিশের একটি চৌকস দল এবং বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মুক্তিযোদ্ধা নম্বর ০১১৯০০০৮৭৯৬। ভারতীয় তালিকায় তাঁর ক্রমিক নম্বর ৯৪৯। মহান মুক্তিযুদ্ধে তিনি ২ নম্বর সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার মেজর হায়দার আলীর নেতৃত্বে যুদ্ধ করেন।
স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা স্থানীয় মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/06/14/18464/feed 0