বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজন ও পরিবেশবিদরা। আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে (৩য় তলা) আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’ (PUS)-এর উদ্যোগে “বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা, প্রেক্ষিত ও ‘আমাদের বাংলাদেশ’” শীর্ষক এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, "জলবায়ু ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে হলে এখনই বনায়ন বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।"
পরিবেশ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন ও গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। তিনি পরিবেশগত অধিকারকে মানবাধিকারের একটি অন্যতম অংশ হিসেবে উল্লেখ করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান এবং বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বক্তারা দেশের বনভূমি রক্ষা, নদী দূষণ রোধ এবং টেকসই পরিবেশ উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজ সকাল ১১:০০ ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com