বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তাঁর চাচাতো দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে চিকিৎসকের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামের বাসিন্দা ওই শারীরিক প্রতিবন্ধী নারীকে (২৬) গত ২১ জানুয়ারি বিকেলে তাঁর চাচাতো দুলাভাই মো. বাকী বিল্লাহ (৫১) জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযুক্ত বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গোছাইল মধ্যপাড়ার বাসিন্দা। পারিবারিক সম্পর্কের কারণে তিনি প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই নারীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করে গত ৬ জুন তাঁকে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তোজাম্মেল হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন নন্দীগ্রাম থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামলাটি এজাহার হিসেবে রুজু করে।
থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ২ জুলাই ২০২৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেন। নন্দীগ্রাম থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com