যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ফতেপুর গ্রামে দখলীয় জমির গাছ কেটে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ফতেপুর মৌজার আরএস খতিয়ান নং–৪৬-এর একটি জমি ১৯৯৬ সালের ২৪ অক্টোবর (দলিল নং–৪০৪২/১৯৯৬) আলেকজান বেওয়ার কাছ থেকে ক্রয় করেন শেখ আব্দুল গফুর। এরপর থেকে তিনি জমিটি দখলে রেখে বিভিন্ন প্রজাতির গাছ ও শাকসবজির চাষাবাদ করে আসছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৬ জুলাই ২০২৬, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যান। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে ফতেপুর গ্রামের শেখ ইসহাক আলীর ছেলে রজব আলী, আইয়ুব আলী শেখের ছেলে মোহাম্মদ হাসান আলী, আবুল কাশেম, ইন্তাজ আলীর ছেলে মহসিন, হাড়িয়ারঘোপ গ্রামের ওসমান হোসেনের ছেলে কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের আফসার মোড়লের ছেলে কাঠ ব্যবসায়ী আতিয়ার রহমানকে।
মামলাটি যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কেশবপুর আমলি আদালতে দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৮৩/২৬। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন।
এ বিষয়ে মামলার এক আসামি আবুল কাশেম বলেন, "জমিটি আমাদের পৈতৃক সম্পত্তির অংশ। সেখানে আমাদেরও অধিকার রয়েছে। সে কারণেই গাছ কাটা হয়েছে।"
তবে জমির মালিকানা ও গাছ কাটার অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com