কুষ্টিয়া সরকারি কলেজ গেট এলাকায় অভিযানকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা, মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জেলা ছাত্রদলের নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রকিব উদ্দিন জনি।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) তারিখে কুষ্টিয়া মডেল থানায় এই নিয়মিত মামলাটি (নম্বর- ২০) রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কুষ্টিয়া সদর থানাধীন মজমপুর রেলগেট এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে কতিপয় ব্যক্তি অবস্থান নিয়ে মাদক কেনাবেচা করছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিবির এই টিমটি ১০ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের কাছে পৌঁছায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরার চেষ্টা করে। তখন এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জন ডিবির টিমকে ঘিরে ফেলে এবং কোনো কথা না বলে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এজহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র-গুলি (সরকারী) ও বেতার যন্ত্র (ওয়াকিটকি) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশের পোশাক ধরে টানাহেঁচড়া করা হয়।
এছাড়া রিভিশন মাইক্রোবাস ভাঙচুরের উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।
পরবর্তীতে পুলিশের অন্য টিম ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।
হামলায় আহত ডিবির এসআই (নিঃ) মো. জিহাদ হোসেনসহ পুলিশ সদস্যরা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সংগ্রাম হোসেন(২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সম্রাট (২৪), তানভীর (২৫), কাদের (২৪), রবীন্দ্রমৈত্রী বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সভাপতি পাপন (২৪), রবীন্দ্রমৈত্রী বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ শাহরিয়ার জয় (২৩), কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক শিমুল (২২)—সহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জন। আসামিদের প্রায় সকলের রাজনৈতিক পরিচয় হিসেবে জেলা ছাত্রদলের সদস্য বা পদধারী নেতার কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় পেনাল কোডের ১৮৬০ সালের ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৫০৪/৩৪ ধারা এবং The Special Powers Act, 1974 এর 15(1)(A) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ জাকির হোসেন জানান, পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মামলার বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বলেন, আমি মামলার বাদী। সিটিস্ক্যান করছি পরে কথা বলছি। আপনার ওসি সাহেবের সাথে কথা বলেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা করা হয়েছে।
এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা সেখানে মাদক উদ্ধারে গেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি জানান, কার কার নামে মামলা হয়েছে এখনো জানি না। তবে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com