জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষার মধ্যে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠন “রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস” এর কনফারেন্স এবং স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ৯ নভেম্বর, রোববার দুপুর ১টায়, যুক্তরাজ্যের বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত দ্বারা। নবীন কার্যক্রম, অর্জন ও প্রকাশিত দ্বিতীয় বই ‘জাতি সংঘে বাংলা’–র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী, এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ এমপি ব্যারিস্টার আইয়ুব খান, যিনি বলেন—
“বাংলা একটি সমৃদ্ধ ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। আমি আমার সামর্থ্যের মধ্যে থাকাকালীন, বাংলাকে জাতিসংঘের পূর্ণ দাপ্তরিক ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করতে প্রচারণা চালাব।”
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কে কে এম আবু তাহের চৌধুরী, সুইনডন কমিটির সভাপতি আরজু মিয়া এমবিই, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল লতিফ জেপি, সাউথ ওয়েলস রিজিওনাল সভাপতি মোহাম্মদ মকিস মনসুর এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। তারা সবাই বাংলা ভাষাকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অব্যাহত প্রচারণার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, স্থানীয় কমিউনিটি নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রকাশকসহ প্রবাসের বাংলা ভাষা ও সংস্কৃতির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মরহুম তজাম্মেল টনি হক এমবিই–কে একবিংশ শতাব্দীর ভাষা সৈনিক হিসেবে অভিহিত করা হয়। ২০২২ সালের ৬ জুন বাংলা ভাষাকে জাতিসংঘে অ-দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টিও বিশেষভাবে স্মরণ করা হয়।
সভায় প্রবাসে বাংলা চর্চা ও শিক্ষাকে আরও উৎসাহিত করতে, বিভিন্ন দেশে ও শহরে বাংলা স্কুল চালু করা, বাংলা পাঠ্যবই হিসেবে শিক্ষার্থীদের পড়ানো এবং বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করা হয় যাতে বাংলা ভাষা জাতিসংঘের পূর্ণ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলেই সংগঠনের প্রচেষ্টা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাকে জাতিসংঘের পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি মধ্যাহ্ন ভোজ এর মাধ্যমে সফলভাবে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com