বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া সফররত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। গত সন্ধ্যায় সিডনির লাকেম্বায় ধানসিঁড়ি রেস্তোরাঁর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাভিশনের বিজনেস এডিটর, সংবাদ উপস্থাপক ও টক শো সঞ্চালক জিয়াউল হক সবুজ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।
সভায় সৈয়দ শুকুর আলী শুভ অস্ট্রেলিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য বাংলাদেশে বিশেষ ফেলোশিপ চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, এর মাধ্যমে প্রবাসী সাংবাদিকরা বাংলাদেশ সফর করে দেশটির রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ এবং সচিত্র ও তথ্যসমৃদ্ধ বিশেষ প্রতিবেদন তৈরি করতে পারবেন। এ ধরনের উদ্যোগ দুই দেশের গণমাধ্যমের মধ্যে পেশাগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।
অন্যদিকে, জিয়াউল হক সবুজ অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশি সাংবাদিকদের যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যম, সাংবাদিক সংগঠন ও পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, যৌথ উদ্যোগ এবং পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে প্রবাসী সাংবাদিকদের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন প্রফেসর ড. ওয়ালিউল ইসলাম, লেখক ও কলামিস্ট আরিফুর রহমান খাদেম, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহসভাপতি মাসুম বিল্লাহ ও আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল কবির জিহন এবং সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য অর্ক হাসান ও মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য এহতেশামুল মুজিব মৃদুল, হুমায়ুন কবির রোজ ও প্রদীপ কুমার শীল এবং ধানসিঁড়ি রেস্তোরাঁর পরিচালক মোহাম্মদ জামাল হোসেন।
সভায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার গণমাধ্যমের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার, সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, প্রবাসী সাংবাদিকদের পেশাগত বিকাশ এবং অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com