পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির অনুরোধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তারা আজ পুলিশ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট প্রকল্পে বেআইনিভাবে প্লট বরাদ্দের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়। তদন্তে উঠে আসে, তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার ছেলে জয় তাদের নামে একটি প্লট বরাদ্দ নেন, যা সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে হয়েছে বলে দুদকের অভিযোগ।
চিঠিতে উল্লেখ করা হয়, আসামিরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশে ফিরিয়ে এনে তাদেরকে আইনের আওতায় আনতে আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ প্রেক্ষিতে তাদের অবস্থান চিহ্নিত ও দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
এ বিষয়ে দুদকের একজন কর্মকর্তা বলেন, "আমরা ন্যায়বিচারের স্বার্থে এই পদক্ষেপ নিয়েছি। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
তবে এই বিষয়ে শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com