দীর্ঘ ১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বগুড়ায় আসছেন। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচি শেষে সড়কপথে তিনি পৈতৃক জেলা বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার বগুড়া–৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যোগ দেওয়ার কথা রয়েছে।
তার এ সফরকে কেন্দ্র করে জেলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জনসভাস্থল সাজানো, মঞ্চ নির্মাণ, প্রচার-প্রচারণা, ব্যানার ও ফেস্টুন টানানোসহ বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, জনসভায় বিপুল লোকসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।
জনসভাস্থল পরিদর্শন শেষে জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, তারেক রহমানকে বরণ করতে আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে বগুড়া শহর জনসমুদ্রে পরিণত হবে।
এর আগে ১১ জানুয়ারি তার বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। লন্ডনে দীর্ঘ সময় অবস্থানের পর দেশে ফেরার পর এটিই তার নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফর বলে দলীয় সূত্র জানিয়েছে। স্থানীয় বিএনপি সূত্রের দাবি, সর্বশেষ ২০০৬ সালে তিনি বগুড়া সফর করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনের পাশাপাশি বগুড়া–৬ (সদর) আসনেও বিএনপির প্রার্থী হয়েছেন তারেক রহমান। বগুড়ার গাবতলী উপজেলায় তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত। অতীতে এ অঞ্চলে বিএনপির শক্ত রাজনৈতিক অবস্থান থাকায় এ সফরকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও লক্ষ্য করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com