দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, একটি মানবিক ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বাণীতে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়েই বাংলাদেশসহ বিশ্বব্যাপী মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।
তিনি ‘ওয়ান হেলথ’ ধারণার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। সবার সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বয়ে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন ও বৈষম্যহীন চিকিৎসা নিশ্চিত করতে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তির প্রসার জরুরি।
তিনি বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম”—এই নীতিকে সামনে রেখে সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা সেবা সম্প্রসারণ, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে। পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার প্রায় ৮০ শতাংশই নারী হবেন।
এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু, জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), স্বাস্থ্যবিমা চালু ও সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
সবশেষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com