নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
“ঈদুল আজহার এই আনন্দময় উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোদি তার বার্তায় আরও উল্লেখ করেন,
“এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।”
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক মিল ও অভিন্ন উন্নয়ন লক্ষ্য দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে। ভবিষ্যতেও জনকল্যাণমুখী বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই শুভেচ্ছা বিনিময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও ইতিবাচক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com