এম এম সাজ্জাদুল ইসলাম লিপটন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে উপজেলার সিংগাতি গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা বিরাজমান বিরোধ নিরসনের লক্ষ্যে উপজেলার সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার সবথেকে বেশি সংঘাত পূর্ণ গ্রাম সিংগাতি গ্রামের নতুন বাজার নামক এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এই গ্রামে ৫০ বছর ধরে চলা আধিপত্যের বিরোধে বিবাদমান দুই গ্রুপের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ আহ্বান করে উপজেলা প্রশাসন।
সমাবেশে বক্তারা বলেন, দুই গ্রুপের সংঘর্ষ হবে, কেউ আহত কেউ নিহত হবে, মামলা হবে, উকিল মোহরি টাকা পাবে, থানার দালালরা টাকা পাবে, নেতারাও কিছু ভাগ পাবে এটাই নিয়ম। প্রচলিত এই নিয়ম ভেঙে আজ উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ সর্বদলীয় নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছে শুধুমাত্র শিংগাতী গ্রামের মানুষের শান্তির জন্য। আপনারা শান্তিতে থাকেন, এলাকার মানুষদের শান্তিতে থাকতে দেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দেরকে ও শান্তিতে থাকতে দেন। শিংগাতীর ঘটনায় সমগ্র বাগেরহাট জেলা উত্তপ্ত হয়ে আছে। দয়া করে এসব বাদ দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করুন।
চৌধুরী বংশের দুই গ্রুপের চলা দীর্ঘ ৫০ বছরের আধিপত্যের বিরোধের জেরে এ পর্যন্ত ৮ টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর মধ্যে সর্বশেষ ঈদের দিনে কোরবানির গোশত দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে একই বাড়ির ২ জন খুন হয়েছে। এই অপুরনীয় ক্ষতির আর করা যাবে না। কারো জীবন হানি করা যাবে না, চুরি, ডাকাতি, লুটপাট করা যাবে না। এটা শুধু শিংগাতী নয় পুরো মোল্লাহাটের জন্য লজ্জাজনক।
বক্তারা আরো বলেন, স্বৈরাচারের দোসররা আমাদের চারপাশে ঘিরে আছে, তারা আমাদের মধ্যে লুকিয়ে থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে দুই ভাগে বিভক্ত করার পাঁয়তারা করছে এবং বিবাদমান দুই গ্রুপকে উসকে দিয়ে সহিংসতা সৃষ্টির পায়তারা করছে। স্বৈরাচারের দোসরদের ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে গ্রপ আছে, যেখানে তারা মোল্লাহাটকে অস্থিতিশীল করে তুলতে নানা পরিকল্পনা করে চলেছে। এসব ফাঁদে পা না ফেলতে নেতৃবৃন্দ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলুল হক এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। অন্যান্য অতিথীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতউল্লাহ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বিএনপি নেতা শেখ সাহেদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, যুবক, বয়জ্যেষ্ঠ মুরব্বি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com