রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক মানববন্ধনে অ্যারোনেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহবুবুল আনাম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
এই কর্মসূচির আয়োজন করে দুর্নীতি প্রতিরোধ-জাতীয় কমিটি। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ’র সভাপতিত্বে এবং সদস্য নারীনেত্রী এলিজা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাবের সামনের এলাকা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও খেলার জগতে প্রভাব বিস্তার করে আসা অ্যারোনেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহবুবুল আনাম ও এমডি লুৎফুল্লাহেল মাজেদ বাবু নানা দুর্নীতিতে জড়িয়ে আছেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই দুই ব্যক্তি বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
বক্তারা আরও জানান, আওয়ামী লীগের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের খালাতো ভাই লুৎফুল্লাহেল মাজেদ বাবু সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন। অথচ ২০০৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন এবং দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। বক্তাদের মতে, রাজনৈতিক অবস্থান পরিবর্তন করলেও তিনি আওয়ামী লীগের প্রভাবশালীদের পুনর্বাসন করে যাচ্ছেন, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভের কারণ হয়েছে।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলে এই দুই ব্যক্তি দেশের বিমানবন্দর এবং বিভিন্ন প্রকল্পে ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির চারটি মামলা থাকলেও আজও তারা আইনের আওতার বাইরে রয়েছেন। বক্তাদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করে তারা নিজেদের রক্ষা করছেন।
বক্তারা স্পষ্টভাবে জানান, দুর্নীতিবাজ যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। মাহবুবুল আনাম ও লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গ্রেফতার ছাড়া দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন থামবে না। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ব্যক্তিকে গ্রেফতার না করা হলে দুর্নীতি প্রতিরোধ-জাতীয় কমিটি বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী অনেকেই এখন নতুন করে বিএনপিসহ বিভিন্ন দলে অনুপ্রবেশ করছে। তারা মনে করেন, এভাবে দুর্নীতিবাজ ও সুবিধাভোগীরা দলে প্রবেশ করলে গণতান্ত্রিক আন্দোলন দুর্বল হয়ে পড়বে। এজন্য দলগুলোকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
প্রেসক্লাবের সামনের সড়কে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা নানা শ্লোগানে দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করেন। অনেকেই পোস্টার হাতে নিয়ে ‘দুর্নীতিবাজদের বিচার চাই’, ‘মাহবুবুল আনাম ও লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গ্রেফতার চাই’ ইত্যাদি শ্লোগান দেন। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে নেতারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
মানববন্ধনের মাধ্যমে বক্তারা জোরালোভাবে সরকারের কাছে দাবি জানান- মাহবুবুল আনাম ও লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ সকল দুর্নীতিবাজকে দ্রুত আইনের আওতায় আনা হোক। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে শেকড় গেড়ে বসা এই শক্তিকে প্রতিহত করা না গেলে দেশের উন্নয়ন ও রাজনীতি উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com