গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন ’ প্রকল্পের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ, দেয়ালিকা তৈরিসহ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলার ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি মাদ্রাসা ও ৭৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। মোট বরাদ্দের পরিমাণ ৬ লাখ ৯০ হাজার টাকা।
সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন না করেই কেবলমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে দায়সারা করেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানে ৪ থেকে ১০টি চারাগাছ রোপণ করা হলেও এর জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যয়ের কোনো স্বচ্ছতা পাওয়া যায়নি। অনেক প্রতিষ্ঠান দেয়ালিকা বা বক্তৃতা প্রতিযোগিতা আদৌ করেছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
জানা যায়, বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসা, সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদ্রাসা, ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়, দিঘাব আমজাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, দিঘাব আমানউল্লাহ বালিকা মাদ্রাসা, এবং উজলী দিঘীরপাড় জে ইউ আলিম মাদ্রাসাসহ বেশ কিছু প্রতিষ্ঠান নির্দেশনার কোনো কার্যকর বাস্তবায়ন করেনি।
তিলশুনিয়া দারুসছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম জানান, “উপরের নির্দেশনায় অন্তত দুটি চারা রোপণের কথা বলা হলেও আমরা চারটি চারা রোপণ করেছি। দেয়ালিকা ও বক্তৃতা প্রতিযোগিতা এখনো হয়নি, শিগগিরই করব।”
একইভাবে ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার উদ্দিন জানান, “বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা করেছি, তবে তার নির্দিষ্ট সময় মনে নেই। দেয়ালিকা তৈরি হয়েছে, তবে এখনও দেয়ালে লাগানো হয়নি।”
দিঘাব আমজাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাদিউল ইসলাম বলেন, “নির্দেশনা অনুযায়ী কাজ করেছি, তবে কোনো ছবির প্রমাণ নেই।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার জানান, “কিছু প্রতিষ্ঠান ব্যয়ের কাগজপত্র জমা দিয়েছে। কাগজের সঙ্গে বাস্তবতা মিল না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতনমহল মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনিয়ম রোধে কঠোর মনিটরিং ব্যবস্থা ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে হওয়া এমন সচেতনতা মূলক কর্মকাণ্ডে দুর্নীতি ও অনিয়ম প্রজন্মের নৈতিক শিক্ষাকেই প্রশ্নবিদ্ধ করছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com