হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে ছাত্র-জনতার অংশগ্রহণে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। রাত ৯টা পর্যন্ত প্রতিবেদন লেখা সময়েও অবরোধ অব্যাহত ছিল এবং সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান জানান, হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন আন্দোলনকারীরা।
এর আগে বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার পর সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
কর্মসূচিতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আজ শাহবাগ অবরোধ করেছি, আগামীকালও করব। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে।”
হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, সরকারের আচরণে বিচার নিয়ে আন্তরিকতার অভাব স্পষ্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওসমান হাদির বিচারের দাবি এখন ১৮ কোটি মানুষের দাবি। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের বাধ্য করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে।”
পূর্বঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকেই ইনকিলাব মঞ্চ এই অবরোধ কর্মসূচি শুরু করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com