বগুড়া শহরের নামাজগড় এলাকায় চেকপোস্ট চলাকালে বার্মিজ চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে উপশহর ফাঁড়ী পুলিশ। বুধবার বিকেলে এসআই সোহাগ ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
মামলার সূত্রে জানা যায়, বিকেলে নামাজগড় এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি ইজিবাইক থামানোর জন্য পুলিশ ইশারা দিলে ইজিবাইক থেকে এক যুবক হঠাৎ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
পরে শরীর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সাকিব। তিনি বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকার মৃত বাছেদ আলীর ছেলে।
এ বিষয়ে এসআই সোহাগ ফকির জানান, “এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। ইজিবাইক থামানোর সংকেত দিলে ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উঠতি বয়সের যুবকদের মধ্যে বার্মিজ চাকু বহনের প্রবণতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com