রোববার: পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীমুখী যাত্রীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে বরিশাল নৌবন্দর ও সড়ক টার্মিনালগুলো।
রোববার বিকেল থেকেই বরিশাল নদী বন্দরে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। যাত্রীদের রাজধানীতে নিতে প্রস্তুত ছিল ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ৮টি লঞ্চ। অফিস খোলার আগমুহূর্তে কর্মজীবী মানুষজন ভিড় জমাচ্ছেন নদী বন্দরে।
নৌবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো লঞ্চ যাতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ।
লঞ্চযাত্রীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন তারা। অনেকে ডেকে জায়গা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও কেবিনের টিকিট আগেই শেষ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী।
এদিকে, বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালেও ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন, আবার অনেকেই সরাসরি সড়ক থেকেই বাসে উঠছেন।
বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ শেষে ঢাকামুখী যাত্রীর চাপ তুলনামূলক বেশি। সোমবার থেকে এ চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তারা দাবি করেন, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। তবে কিছু যাত্রীর অভিযোগ, লোকাল বাসগুলো অতিরিক্ত ১০০ থেকে ১৫০ টাকা বেশি ভাড়া আদায় করছে এবং ভালো মানের বাসের টিকিট পাওয়া যাচ্ছে না।
বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, যাত্রীচাপ সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ঈদে ঘরমুখো মানুষের কর্মস্থলে নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক নিরাপত্তা জোরদারসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com