খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এ উদ্যোগের অংশ হিসেবে চার শতাধিক পাহাড়ি নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
চিকিৎসা কার্যক্রমে দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে পরামর্শ দেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র পরিবারের পক্ষে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করা কঠিন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় মানুষের জন্য বিশেষ সহায়ক হয়ে উঠেছে।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্গম এলাকায় সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ফলে অনেক মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।
স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এ উদ্যোগ মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com