কেশবপুর (যশোর) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজার সার্বিক আয়োজন ও পরিবেশের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য দেন কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান আজিজ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল গফফারসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com