জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলার চরফ্যাশনের তিন থানায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা থানা জামায়াতের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার সংশ্লিষ্ট এলাকার জামায়াতের কার্যালয় থেকে পৃথক গণমিছিল বের করা হয়। মিছিলগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শশীভূষণে আয়োজিত গণমিছিলে অংশ নেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম ও অ্যাডভোকেট মহিবুল্লাহ মহিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে বহন করা ব্যানারে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানেরও দাবি জানান বক্তারা।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com