ঢাকা রোববার: দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।
সামনের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এই সময়কে অবহেলা করলে দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে। তাই নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
তারেক রহমান বলেন, শুধু মন্ত্রী বা সংসদ সদস্যদের প্রচেষ্টায় সফলতা আসবে না; বরং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায়ই সরকারের লক্ষ্য অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে এই ইশতেহার এখন শুধু দলের নয়, বরং পুরো জাতির প্রত্যাশায় পরিণত হয়েছে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিচার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে এসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমান সরকার তা পুনর্গঠনে কাজ করছে।
সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনার কথাও জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।