বগুড়ায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক এজেন্টকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তার মাধ্যমে বিভিন্ন বেটিং সাইটে লেনদেন চলতো বলেও জানা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে
র্যাব-১২ এর অভিযানে বগুড়ার শাজাহানপুর উপজেলায় অনলাইন জুয়ার এজেন্ট খাদিজা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গত শনিবার রাত ১০টার দিকে র্যাব-১২ বগুড়ার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদলা (কালিতলা) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। খাদিজা খাতুন স্থানীয় মাদলা কালিতলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
র্যাব-১২ সিপিসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে খাদিজা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক পোস্ট ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা Enjoy 247, VELKI Live এবং PLAY25 নামের তিনটি অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহারের কথা স্বীকার করেছেন।
জব্দকৃত অ্যাকাউন্টের তথ্য:
Enjoy 247 প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে ৬১৯.৩২ এবং ১,০৮৪.৩২ পিবিইউ ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের মধ্যে ১১ জন সক্রিয় ছিল এবং মোট ২২,৬৯৫টি লেনদেনের তথ্য মিলেছে।
VELKI Live-এ ৭০.৭২ পিবিইউ ব্যালেন্স এবং ২,৮৪৬টি লেনদেন।
PLAY25-এ ৬৪৪.৫৭ মার্কিন ডলার ব্যালেন্স। গত ২৪ ঘণ্টায় এই আইডি থেকে ৪০২ ডলার মাস্টার এজেন্টের কাছে পাঠানো হয় এবং ১৪০ ডলার গ্রহণ করা হয়েছে।
আটককৃত খাদিজা খাতুনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অনলাইন জুয়ার এ ধরনের এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।