বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুল ওয়াহাব বর্তমানে চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশের সদস্য হলেও গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, তারা বগুড়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ডিবি পুলিশের একটি চৌকস দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে মাদক বিক্রির উদ্দেশ্যে ওই দুই পুলিশ সদস্য সেখানে পৌঁছালে হাতেনাতে ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে বলেও জানান তিনি।