বগুড়া জেলা পুলিশ লাইন্সের ভেতর থেকে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. আরিফুল ইসলাম (৩৮) জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত ছিলেন। আজ শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।