বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে মোস্তাকিন (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নকিলা পিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিনের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে আজ বৃহস্পতিবার দুপুরে নকিলা পিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো চাকু ও লাঠিসোটা (বাটাম) নিয়ে মোস্তাকিনের ওপর হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মোস্তাকিন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে