গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষি সংস্কৃতি ও নতুন ধানের আনন্দকে ধারণ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে নবান্ন উৎসব ১৪৩৩। ধান কাটা, বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পিঠা-পায়েসের আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৬ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
সকালে গাজীপুরে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কাটার উৎসবে অংশ নেন। নতুন ধানের শস্যঘ্রাণ ও কৃষির আনন্দকে কেন্দ্র করে উৎসবের সূচনা হয়। ধান কাটা শেষে ব্রি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ঐতিহ্য ও কৃষি সংস্কৃতির মিলনমেলা
ধান কাটার উৎসব ও শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে নবান্ন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মিলনায়তনের সামনে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। অনুষ্ঠানে ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পিঠা-পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়। উৎসবের বিভিন্ন আয়োজনে ব্রি পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রি অঙ্গীকারবদ্ধ
ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রির ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ ব্রিতে সক্রিয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, নবান্ন গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য। পরবর্তী প্রজন্মের কাছে এ উৎসবের বার্তা পৌঁছে দিতেই ব্রির এ আয়োজন। তিনি বলেন, সীমিত সম্পদ দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান নিশ্চিত করা আগামী দিনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রি অঙ্গীকারবদ্ধ।
ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি কৃষির উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে উৎসবের মধ্য দিয়ে ব্রির নবান্ন উদযাপন শেষ হয়।







