রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, কার স্বার্থে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে—তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশের বিষয়ে সংসদে সন্তোষজনক জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
রাষ্ট্রীয় সম্পদ নিয়ে প্রশ্ন, জবাবদিহির দাবি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতির জানার অধিকার রয়েছে বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। সংসদে এসব বিষয়ে জবাব না পেলে জনগণের কাছে গিয়ে কথা বলতে হবে।
তার বক্তব্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের কাছে দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব পায়। সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি কঠোর বার্তা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাজনক।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান
২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, এক হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।
তিনি বলেন, সংসদে জামায়াতের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে তাঁদের অবস্থান অনড় থাকবে, ইনশাআল্লাহ।
নৈতিকতা, আদর্শ ও জবাবদিহির ওপর গুরুত্ব
জামায়াত আমির বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য কাজ করে যেতে হবে।
তিনি বলেন, দুনিয়া তাঁদের লক্ষ্য নয়, বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে।
সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনা ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি এবং সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
কর্মপরিষদের বৈঠকে ২০২৭ সালের পরিকল্পনা
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।







