ভারতের ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলায় ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে, রোববারের প্রথম ভাগে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন কুমিল্লাসহ বাংলাদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
এনসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। ঢালাই জেলায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রের অবস্থান ছিল ২৩.৭৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.৯৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৮। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



