বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের হাতে-কলমে প্রশিক্ষণ, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক ক্লাস ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বোয়ালখালী বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়। মহড়াটি পরিচালনা করে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত দল।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।
এ সময় বোয়ালখালী বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




