খাগড়াছড়ির দীঘিনালা থেকে রাঙামাটি যাতায়াত সহজ করতে চালু হয়েছে যাত্রীবাহী পিকআপ সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় দীঘিনালা বাসস্টেশনের পশ্চিম পাশে এ সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়।
নতুন এ সার্ভিস চালু হওয়ায় দীঘিনালা থেকে রাঙামাটি যাতায়াতকারী যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ রুটে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য যানবাহন মালিক সমিতির লাইন সম্পাদক নিখিল চাকমা ও সদস্য কলিং চাকমা। এ ছাড়া খাগড়াছড়ি জিপ মালিক সমিতির লাইন সম্পাদক মো. নাছির উদ্দীন এবং সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়াতে এ সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে দীঘিনালা থেকে রাঙামাটি যাতায়াতে নতুন একটি পরিবহন বিকল্প যুক্ত হলো।







