মহান আল্লাহর অশেষ রহমত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি দরুদ ও সালাম নিবেদনপূর্বক যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানস্থ ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক রুদ্রবাংলার সম্পাদক ও ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুদ্রবাংলার সহ-সম্পাদক শাহ আলম খান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার জনাব দেলোয়ার হোসেন সাজু। তিনি বলেন- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের আত্মশুদ্ধি ও মানবতার আদর্শ গ্রহণের শিক্ষা দেয়। সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় প্রিয় নবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের অনুসরণ করতে হবে।
সভাপতি মোঃ মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য অনুপ্রেরণার এক অবিস্মরণীয় দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের নয়, সমগ্র মানবজাতির জন্য আলোকবর্তিকা। যদি আমরা তাঁর আদর্শকে জীবনে ধারণ করি, তবে সমাজ থেকে অবিচার, হিংসা ও বিদ্বেষ দূর হবে এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। প্রেসক্লাব সর্বদা নৈতিকতা ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক শাহ আলম খান বলেন- আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর দয়া, সহমর্মিতা ও ন্যায়বিচারের শিক্ষা আজও পৃথিবীর প্রতিটি মানুষের জন্য দিশারী। সাংবাদিক সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে নবীর (সা.) শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ ও সত্য প্রতিষ্ঠায় প্রিয় নবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া অপরিহার্য। মাহফিলে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজনে অংশ নেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব, দৈনিক রুদ্রবাংলা, সাপ্তাহিক রুদ্রকণ্ঠ, সাপ্তাহিক আইন আদেশ আদালত, উপকূল মানবাধিকার সংস্থা এবং সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান নিয়মিত করার আহ্বান জানান।