দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। গত ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ব্যাংকটির মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে। কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভেঙে ফেলা এবং হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গ্রামীণ ব্যাংক বলছে, এসব ঘটনা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ক্ষতি নয়; বরং এর সঙ্গে জড়িত দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা, সঞ্চয় এবং দীর্ঘদিনের আস্থার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন, কার স্বার্থে এই ধ্বংসযজ্ঞ? একটি প্রতিষ্ঠানের শাখা পুড়িয়ে দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ সদস্য, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তারা। তাদের সঞ্চয়, আর্থিক লেনদেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও আইনগত কাঠামো তুলে ধরে বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যাংক বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এবং সংশোধিত বিধান অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক।
প্রচলিত আইন অনুযায়ী, ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালকের প্রতিনিধিত্বের বিধান রয়েছে। অর্থাৎ, ব্যাংকের সদস্যরা শুধু ঋণগ্রহীতা নন, তাঁরা এই প্রতিষ্ঠানের প্রধান মালিক ও গুরুত্বপূর্ণ অংশীদার।
১ কোটি ৬ লাখের বেশি সদস্যের আর্থিক স্বার্থ জড়িত
ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এত বিশাল কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য পরিবারের জীবিকা, সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ। একটি শাখায় অগ্নিসংযোগের ফলে শুধু আসবাবপত্র, কম্পিউটার কিংবা নথিপত্র নষ্ট হয় না; বিঘ্নিত হতে পারে বহু মানুষের প্রয়োজনীয় আর্থিক সেবা।
বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, নারী উদ্যোক্তা ও দরিদ্র সদস্যদের নিয়মিত লেনদেন ব্যাহত হলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করা উচিত নয়। সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখা অথবা অনুমোদিত ব্যাংক প্রতিনিধির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি
বিবৃতির শেষাংশে গ্রামীণ ব্যাংক আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ব্যাংকটির মতে, দরিদ্র মানুষের আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সঞ্চয়ের নিরাপত্তা রক্ষা করা শুধু প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে রাষ্ট্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।







