শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের পর তিনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন।
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন- আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয় এবং কথা বলার সুযোগ হয়। তিনি এসময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। সারাদেশে পূজা মণ্ডপ প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সক্রিয় সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন- স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয় যে জায়গা বরাদ্দ দিয়েছে, তার জন্য প্রধান উপদেষ্টাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই।
প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ না সৃষ্টি করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দিরের সভাপতি শ্রী বিমান বিহারী তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপর্না রায় দাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দত্ত ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণীতা সরকার উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে সভায় সকলেই আনন্দ ও উৎসাহ ব্যক্ত করেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।