আবাদি কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার পুন্ডরী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পুন্ডরী মাঠে কৃষিজমিতে অবৈধভাবে এক্সকাভেটর ব্যবহার করে পুকুর খনন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থলে পুকুর খননের সত্যতা পাওয়া গেলে জমির মালিক আরিফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কৃষিজমির সুরক্ষা এবং ভবিষ্যতে জলাবদ্ধতা প্রতিরোধের স্বার্থে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে পুকুর খননের কার্যক্রম বন্ধ করে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষা করা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। কোনোভাবেই আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করা যাবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।