
মাদকমুক্ত সমাজ মানেই অপরাধমুক্ত সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার সিএনজি স্ট্যান্ড জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদকের ক্ষতিকর দিক, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ ও কিশোরদের সচেতন করার পাশাপাশি তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।
পরে জুমার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে মাদককে ‘না’ বলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।







