নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় স্বজন হারানো এবং আহত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নেত্রকোণার আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন এবং দুর্ঘটনায় আহত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে মঞ্জুরীকৃত সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
মানবিক সহায়তায় স্বস্তি ক্ষতিগ্রস্তদের
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা আহত হয়ে আর্থিক সংকটে পড়া পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘব এবং পুনর্বাসনে সহায়তা করার লক্ষ্যেই সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় এ অর্থ প্রদান করা হয়েছে।
তাঁরা আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। ভবিষ্যতেও সরকারি নীতিমালা অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।





