জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নেত্রকোনায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নেত্রকোণার পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ নূরুজ্জামান (এড.) ও নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনারও কবি। বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম ও দর্শন তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
বক্তারা আরও বলেন, সমাজে বিভাজন ও অসহিষ্ণুতা দূর করে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে নজরুলের সাহিত্য ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পাবলিক হলের মঞ্চ। শিল্পী ও প্রতিযোগীদের পরিবেশনায় উঠে আসে বিদ্রোহী কবির সাম্য, প্রেম, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের নানা দিক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নজরুলের সৃষ্টিশীলতা ও জীবনদর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে আরও গভীরভাবে পরিচিত করা এবং সাংস্কৃতিক চর্চায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।





