ভারত সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক শর্ত উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কোনো ভিত্তি নেই।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।
সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে এবং তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ দিতে হবে।
তবে এসব শর্তের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পর্যায়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয়নি।’
তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব বা শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সরকারের অবস্থান নির্ধারণ করা হবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে অন্য যেকোনো আসামির মতো দেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করতে হবে। তবে শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে। এসব সমস্যা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।
শামা ওবায়েদ ইসলাম আরও জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় যোগাযোগ করেছে। এ বিষয়ে আইনগত ও কারিগরি দিকগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যালোচনা করছে।







