অষ্টাদশ শতকে পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে একটি ছিল আমাদের প্রিয় শহর ঢাকা। এই ঢাকা শহরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বাংলার, পরবর্তীকালে পূর্ববঙ্গের, আর আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস।
সুপ্রাচীন এই ঢাকার অলিতে-গলিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে স্থাপত্যিক সৌন্দর্য ও ঐতিহাসিক ঘটনায় ভরা অট্টালিকা ও স্থান। এরকম একটি স্মৃতিবিজড়িত স্থান হলো ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক — ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে।
আঠারো শতকের শেষের দিকে এখানে আর্মেনীয়দের একটি ক্লাব ছিল। ঢাকাবাসীর কাছে তা ‘আন্টাঘর’ নামেই পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে, ১৮৫৭ সালের ২২ নভেম্বর ভোর পাঁচটায় কুয়াশাচ্ছন্ন আধো আলো-আধো অন্ধকারে বেশ কিছু ইউরোপীয় স্বেচ্ছাসেবক ও শতাধিক নৌসেনা অশুভ উদ্দেশ্যে এই ময়দানে জড়ো হয়েছিল। কিছু সময়ের ব্যবধানেই তৎকালীন ট্রেজারি, বর্তমান সেন্ট্রাল জেলে অবস্থানরত দেশীয় সিপাহীরা বিদেশি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেকেই শহীদ হন। দেশীয় সিপাহীদের সাহায্য করার কারণে তৎকালীন ঢাকাবাসীর কিছু লোককে সদরঘাটের কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয়। আবার প্রহসনমূলক বিচার করে এই আন্টাঘর ময়দানে ফাঁসি দিয়ে সারিবদ্ধ বৃক্ষরাজিতে ঝুলিয়ে দেওয়া হয় অনেককেই।
নবাব আবদুল গনির ব্যক্তিগত সহায়তায় পার্কটির উন্নয়ন ঘটেছিল। ১৯৫৭ সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী স্মরণে এ পার্কে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে বিদ্রোহীদের নেতা দিল্লির সম্রাট বাহাদুর শাহর নামে পার্কটির নামকরণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ পার্কটিকে অবসর, হাঁটা ও ব্যায়ামের জন্য ব্যবহার করে আসছিল। কিন্তু বর্তমানে পার্কটি নেশাখোর ও চাঁদাবাজির আশ্রমে পরিণত হয়েছে। পার্কটির চতুর্দিকের ফুটপাতে গড়ে ওঠা চায়ের স্টল ও রিকশা গ্যারেজ চাঁদাবাজিকে উৎসাহিত করছে। আগে পার্কটির আশপাশের এলাকার মুরুব্বিরা ঢাকার গলির জীবনের ফাঁক গলিয়ে একটু সবুজ ও প্রাণের ছোঁয়ার আশায় এখানে আসতেন। উপরোক্ত অবৈধ কর্মকাণ্ডের কারণে বর্তমানে পার্কটি থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল মনে হচ্ছে।
সময় এসেছে জাতি হিসেবে আমরা কতটুকু সংস্কৃতিমনা ও ঐতিহ্যপরায়ণ তার পরিচয় দেওয়ার। হারিয়ে গেছে ঢাকার বাকল্যান্ড বাঁধ, রূপলাল হাউস, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার প্রতীক পঞ্চায়েত প্রথা। কিন্তু এখনও টিকে আছে বুড়িগঙ্গার পাশে গড়ে ওঠা সুপ্রাচীন ঢাকা নগরী। এই ঢাকা নগরী এখন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। ইচ্ছা ও সুষ্ঠু পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে এই ঢাকা নগরীকে গড়ে তোলা যায় এশিয়ার অন্যতম আকর্ষণীয় রাজধানী হিসেবে। স্থানীয় জনগণের কাঁটাবিদ্ধ মনের জিজ্ঞাসা — ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কার্যালয় সংলগ্ন শতাব্দী প্রাচীন পার্কটি কি হার মানবে অবৈধ দখলদারদের কাছে?
বাহাদুর শাহ পার্ক কোনো ফাঁকা জমি নয়, বাণিজ্যিক প্লটও নয়। এটা শহর ঢাকার ফুসফুস। ১৮৫৭’র সিপাহী বিদ্রোহের স্মৃতি, এখানে শহীদদের রক্ত লেগে আছে। এটা আমাদের সকালের হাঁটা, বিকেলের আড্ডা, শিশু-কিশোরদের খেলা, প্রবীণদের বিশ্রামের জায়গা।
এখন অনেকেই এই পার্ক লীজ নিতে চায়! প্রশ্ন হলো কেন?
জনগণের সম্পদ লীজ দিলে কি জনগণের থাকে? লীজ মানেই তো দখল, লীজ মানেই তো টিকিট, লীজ মানেই তো সাধারণ মানুষের প্রবেশে বাধা। আজ লীজ হবে, কাল দোকান হবে, পরশু গেটে তালা পড়বে। আমরা দেখেছি, ঢাকার কত খেলার মাঠ, কত পুকুর, কত পার্ক উন্নয়নের নামে হারিয়ে গেছে। বাহাদুর শাহ পার্ককে আমরা হারাতে দেব না। পার্কের সংস্কার দরকার, এটা সত্যি। পরিষ্কার- পরিচ্ছন্নতা দরকার, আলো দরকার, নিরাপত্তা দরকার, গাছ লাগানো দরকার। কিন্তু সংস্কারের নামে লীজ দেওয়া কোনো সমাধান নয়। সংস্কার করবে সিটি কর্পোরেশন, দেখভাল করবে জনগণ। ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া মানেই ইতিহাসকে বিক্রি করে দেওয়া।
আমরা স্পষ্ট করে বলতে চাই:
১. বাহাদুর শাহ পার্ক কোনোভাবেই লীজ দেওয়া চলবে না।
২. পার্ক থাকবে উন্মুক্ত – সবার জন্য, বিনা শর্তে।
৩. পার্কের রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ, ঢাকাকর্মী এবং ইতিহাসপ্রেমীদের সম্পৃক্ত করতে হবে।
ঐতিহ্য কখনও লীজ হয় না। ঢাকা আমাদের ; বাহাদুর শাহ পার্ক আমাদের। জনগণের সম্পদ লীজে নয়, জনগণের হাতেই থাকুক। এই দাবিতে গণস্বাক্ষর গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন পেশাজীবীরা পার্ক রক্ষায় এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। পার্কের মূল দরজার ডান পাশে প্রতিদিন স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে। শহর ঢাকার ইতিহাস-ঐতিহ্য আর এক চিলতে সবুজ রক্ষায়, আপনিও এগিয়ে আসুন।
এম হাসান আলী – ঢাকাকর্মী ও ব্যাংকার।







