বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দীন আলমের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দীন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল রহমান দিপু ফরাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম. আমিনুল ইসলাম মিন্টু। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মির শাহাদাত হোসেন সায়েদ, শ্রমিক দলের সভাপতি মির আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
র্যালি ও দিনের কর্মসূচিগুলো সফল করতে মাদ্রাজ ইউনিয়ন যুবদলের সভাপতি তারেক আজিজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিঝি, সিনিয়র সহ-সভাপতি মামুন মাঝিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির গণতান্ত্রিক আন্দোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরও সুসংগঠিত করে জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।