নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ আয়োজন। ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে চালু করা হয়েছে এক অভিনব কর্মসূচি—‘Green Umbrella Initiative’। এর অংশ হিসেবে পেশাদার গাড়িচালক ও হেলপারদের প্রশিক্ষণ শেষে তাঁদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মমতাজ সাদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বিআরটি। সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসন জানায়, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা। এই উদ্যোগের মাধ্যমে গাড়িচালক ও হেলপারদের জন্য প্রস্তুতকৃত ডাটাবেজ অনুযায়ী ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান করা হবে। এতে করে শুধু তাঁদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে না, একই সঙ্গে চাকরির নিরাপত্তা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে।
কর্মসূচির আয়োজকরা জানান, পরিবহন খাত দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ড্রাইভার ও হেলপারদের পেশাগত প্রশিক্ষণ, পরিচয় নিশ্চিতকরণ এবং শৃঙ্খলার অভাব যাত্রীসেবাকে প্রভাবিত করেছে। সেই সমস্যা সমাধানে জেলা প্রশাসন ভিন্নধর্মী এই উদ্যোগ গ্রহণ করেছে।
প্রশিক্ষণের মাধ্যমে গাড়িচালকরা শুধু যানবাহন চালনার কৌশল নয়, বরং ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, যাত্রীসেবা ও নৈতিক দায়িত্ব সম্পর্কেও জ্ঞান অর্জন করবেন। হেলপাররাও থাকবেন একই ব্যবস্থার আওতায়, যাতে তাঁদের ভূমিকা আরও কার্যকর হয়ে ওঠে। এক্ষেত্রে ইউনিফর্ম তাঁদের আলাদা পরিচিতি দেবে এবং পরিচয়পত্র বহন বাধ্যতামূলক হওয়ায় নিরাপত্তা জোরদার হবে।
উল্লেখ্য, ‘Green Umbrella’ কার্যক্রমটি মালিক-শ্রমিক সম্পর্ককে দৃঢ় করার পাশাপাশি ড্রাইভারদের চাকরির নিশ্চয়তা দেবে। একই সঙ্গে যাত্রীদের কাঙ্ক্ষিত নিরাপদ ও মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী পদক্ষেপকে ইতোমধ্যেই সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকলে পরিবহন খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের অবসান ঘটবে এবং যাত্রীসেবা আরও সহজ ও নিরাপদ হবে।