কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ পথে আনা ১০টি গরু ও একটি ট্রাকসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঈদগাঁওর কালির ছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ‘২৪ বীর ব্যাটালিয়ন’ এই বিশেষ অভিযান পরিচালনা করে। জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গরুগুলো নিয়ে আসার সময় কালির ছড়া এলাকায় ট্রাকটির গতিরোধ করা হয়। তল্লাশি চালিয়ে ১০টি গরু জব্দ করার পাশাপাশি পাচারে জড়িত ৭ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে যে, জব্দকৃত গরু, পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক এবং আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ৩০ বিজিবি-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
”সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে সেনাবাহিনীর কঠোর নজরদারি ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”







