
নোয়াখালী জেলা সদরের সোনাপুর এলাকায় অবস্থিত বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই প্রয়োজনীয় তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সরকার পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত থাকার কথা জানালেও বাস্তবে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে করে ভোগান্তির পাশাপাশি জনমনে উদ্বেগও বাড়ছে। অনেকে মনে করছেন, কিছু অসাধু পাম্প মালিক ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
ভুক্তভোগীরা জানান, জরুরি কাজেও সময়মতো জ্বালানি না পাওয়ায় পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা পেট্রোল পাম্পগুলোর কার্যক্রমে কঠোর নজরদারি এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




