অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু (৩৪) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
মঙ্গলবার (২৩ জুন) র্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে, জিআর নং-১৬১/১৪, এসটি-২৬২/১৪ (সদর), প্রসেস নং-১৬৮/২৬ এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারার মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু গ্রেফতার এড়াতে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকায় অবস্থান করছেন।
এর পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বগুড়া সদর থানার শিববাটি ভান্ডারী মেঘা সিটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু বগুড়া সদর উপজেলার শিববাটি কিশোরীলাল রায়লেন এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. জালাল শেখ।
র্যাব জানায়, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





